মার্সেল ক্লাব কাপ হকি টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার মওলানা ভাষানী হকি স্টেডিয়ামে সোনালী ব্যাংক রিক্রেয়েশন ক্লাবকে ৭-১ গোলে হারায় তারা।
আর দ্বিতীয় ম্যাচে ওয়ারী ক্লাবকে হারিয়েছে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে রুবেল হোসেন ২টি, রাসেল মাহমুদ জিমি ২টি, দ্বিন ইসলাম ইমন ২টি ও কামরুজ্জামান রানা ১টি গোল করেন। সোনালী ব্যাংকের অজিত ৬২ মিনিটে পেনাল্টি কর্নারের মাধ্যমে একটি গোল শোধ করেন। এই জয়ের ফলে ‘খ’ গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে সাদাকালো শিবির।
দ্বিতীয় খেলায় বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ৫-০ গোলে ওয়ারী ক্লাবকে হারায়। বাংলাদেশ স্পের্টিং ক্লাবের পক্ষে বেলাল ২টি, হোসনে মোবারক সুমন ১টি ও সোহেল ২টি গোল করেন।
টুর্নামেন্টে ৯টি দল অংশ নিয়েছে। ৯টি দলকে দুটি গ্রুপে বিভক্ত করে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। দুটি গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনাল খেলবে। আর সেমিফাইনালের বিজয়ী দুটি দল ৯ মে শিরোপা নির্ধারণী ফাইনালে অংশ নিবে।
চ্যাম্পিয়ন দল ৭০ হাজার টাকা প্রাইজমানি পাবে। আর রানারআপ দল পাবে ৩৫ হাজার টাকা। এ ছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়কে মার্সেল এর পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
