পেরু ও কলম্বিয়ায় সার্কাসে ব্যবহৃত ৩৩টি সিংহ শুক্রবার বিমানে করে নিয়ে যাওয়া হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। এই প্রথম এত বেশি সংখ্যক সিংহকে বিমানে পরিবহন করা হচ্ছে।
পেরুতে ২০১১ সালে এবং কলম্বিয়ায় ২০১৩ সালে সার্কাসে বন্য প্রাণী ব্যবহার বেআইনি করার পর এসব সিংহ উদ্ধার করা হয়। এসব সিংহের বিভিন্ন নামকরণ রয়েছে, যেমন জিউস কিংবা শাকিরা। বন্যপ্রাণীর অধিকার নিয়ে কাজ করা সংগঠন অ্যানিম্যাল ডিফেন্ডার্স ইন্টারন্যাশনাল (এডিআই) এর সহায়তায় অভিযান চালিয়ে এসব সিংহ উদ্ধার করা হয়।
এডিআইয়ের প্রেসিডেন্ট জান ক্রিমার বলেন, সার্কাসে সারাজীবনের কষ্ট ও অত্যাচার শেষে এসব সিংহ নিজদেশ আফ্রিকায় ফিরে যাচ্ছে। এটি সত্যিই খুবই চমকপ্রদ। তিনি জানান, সার্কাস থেকে এসব সিংহকে আনার পর দেখা গেছে সবগুলোই অসুস্থ। এছাড়া প্রয়োজনীয় খাবার তাদের দেয়া হতো না বলে এদের সবকটিই অপুষ্টিতে ভুগছিল। তিনি আরো জানান, কিন্তু সম্প্রতি লিমার উত্তরাঞ্চলে রাখার সময়ে তাদের ভালো খাবার দেয়া হতো। ফলে এসব সিংহের সবগুলোর স্বাস্থ্যই এখন ভালো।
পেরু থেকে ২৪টি এবং কলম্বিয়া থেকে ৯টি সিংহকে মালবাহী বিমানে করে দক্ষিণ আফ্রিকায় নেয়া হচ্ছে। শনিবার নাগাদ এসব সিংহের জোহানেসবার্গে পৌঁছার কথা রয়েছে। আগামী অক্টোবর পর্যন্ত এসব সিংহকে সেখানে রাখা হবে। এরপর তাদেরকে দেশটির উত্তরাঞ্চলের ইমোয়া বিগ ক্যাট অভয়াশ্রমে পাঠিয়ে দেয়া হবে। এএফপি।
