চাকরির নামে টাকা আত্মসাৎ: গ্রেফতার ৬

আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ২০:৫০
চাকরি দেয়ার নামে টাকা আত্মসাৎ করে প্রতারণা করায় রাজধানীতে ৬ প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব।
 
শুক্রবার সকালে র‌্যাব-১ এর সদস্যরা এই অভিযান চালায়। এসময় তাদের কাছ থেকে ৯টি ভুয়া নিয়োগপত্র জব্দ করা হয়। প্রতারক চক্রের সদস্যরা হচ্ছে-মামুন আকন্দ (২৩), মো. আবুল কাশেম (৫২), আব্দুর রাজ্জাক (৫৭), তারেক হাসান (৫৩), নাসির উদ্দীন (৪৬) ও মো. রাশেদুল মজিদ (৩২)। এসময় প্রতারক চক্রের অন্য সদস্য রফিক, তরিকুল ইসলাম, দিদার ও সবুজসহ অজ্ঞাতরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
 
এ বিষয়ে র‌্যাব সূত্র থেকে জানা যায়, কয়েকটি প্রতারকচক্র দেশের বিভিন্ন জেলার সহজ সরল ও দরিদ্র মানুষকে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনে চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদের ওয়ার্ড বয়, মালি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সশস্ত্র বাহিনীতে বেসামরিক পদের অফিস সহকারী, অপারেটরসহ বিভিন্ন পদে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে ৪ থেকে ৫ লাখ টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে আসছে।
 
প্রতারিত ব্যক্তিদের অভিযোগ এবং গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে।