দেশজুড়ে বই পড়া প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ২০:৫৪
রাজধানীর ব্রিটিশ কাউন্সিল গ্রন্থাগার প্রাঙ্গণে ‘দেশজুড়ে বই পড়া প্রতিযোগিতা’র উদ্বোধন করলো ব্রিটিশ কাউন্সিল ও ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক (ডিইএন)।
 
দেশজুড়ে এ প্রতিযোগিতা আয়োজনের এটি চতুর্থ বছর। শিশু, কিশোর, তরুণ প্রজন্ম ও প্রাপ্তবয়স্কদের মধ্যে ইংরেজী পড়ার অভ্যাস বাড়িয়ে তোলার উদ্দেশ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিশ্ব বই পড়া দিবস ও শেকসপিয়ারের ৪০০-তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ বছর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
 
পড়াতেই আনন্দ- আর এটাই যেকোনো নতুন ভাষা শেখার ক্ষেত্রে সর্বোৎকৃষ্ট পন্থা হিসেবে কাজ করে। এ ভাবনা নিয়ে এবং ইংরেজী ভাষায় বিশ্বসাহিত্য পড়তে আগ্রহীদের সুযোগ করে দেয়ার লক্ষ্যে ব্রিটিশ কাউন্সিল এ প্রতিযোগিতার আয়োজন শুরু করেছে। বই পড়া ও এর মূল্যায়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ দুই ধরনের কার্যক্রমের মাধ্যমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
 
এ বছর এ প্রতিযোগিতার প্রতিপাদ্য ‘বই কিনুন, বই পড়ুন’। চারটি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গ্রুপ ‘এ’ (প্রথম থেকে পঞ্চম শ্রেণি), গ্রুপ ‘বি’ (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি), গ্রুপ ‘সি’ (নবম থেকে দ্বাদশ শ্রেণি) এবং গ্রুপ ‘ডি’ (যেকোনো বয়সী)। একটি নির্বাচিত সংগ্রহ থেকে অংশগ্রহণকারীরা তাদের পছন্দ অনুযায়ী বই পড়বে। তাদের বইটি ফিরিয়ে দেয়ার দরকার নেই। গ্রুপ ‘এ’-তে অংশগ্রহণকারীরা আগামী ১৮ আগস্টের মধ্যে ব্রিটিশ কাউন্সিলে বই পড়ে একটি সারসংক্ষিপ্ত লিখে পাঠাবে অথবা বইয়ের কাহিনী অনুযায়ী একটি ছবি একে পাঠাবে। গ্রুপ বি, সি ও ডি-এর অংশগ্রহণকারীরা আগামী ১৯ আগস্ট ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি পরীক্ষায় অংশগ্রহণ করবে। নিবন্ধনের শেষ তারিখ ৩১ জুলাই, ২০১৬।
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ড্যাফোডিল এডুকেশন নেটয়ার্কের চেয়ারম্যান সবুর খান উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতা নিয়ে তিনি তার বক্তব্যে বলেন, ‘প্রতিপালনের জন্য যে কারো জন্যই বই পড়া সবচেয়ে ভালো অভ্যাস। নতুন বই পড়া মানে বিশ্বের নতুন একটা দৃষ্টিভঙ্গি উন্মুক্ত হয়ে যাওয়া। তবে শুধুমাত্র বই পড়াই যথেষ্ট নয়। বইয়ের মধ্যে সঞ্চিত জ্ঞান অনুধাবন করা এবং এর প্রতিফলন ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একটা মহৎ উদ্যোগের অংশীদার হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর এক্সামিনেশন দীপ অধিকারী এবং লাইব্রেরি ম্যানেজার সারওয়াত রেজা উপস্থিত ছিলেন।