ভারতে দাবদাহ, দিনে রান্নায় নিষেধাজ্ঞা

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১২:২২
 
ভারতে তীব্র দাবদাহে তিন শতাধিক মানুষ মারা যাওয়ার পর সেখানে দিনের বেলা রান্না নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। দেশটির খরাপীড়িত অঞ্চলগুলোতে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আগুন লেগে ৮০ জনের মতো নিহত হওয়ার পর এই ঘোষণা আসল।
 
বিহারের পূর্বাঞ্চলে চলতি সপ্তাহে সকাল নয়টা থেক সন্ধ্যা ছয়টা পর্যন্ত রান্না নিষিদ্ধ করা হয়েছে। প্রচণ্ড গরম, শুষ্ক আবহাওয়া ও বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ১০ শিশুসহ ৭৯ জন নিহত হয়।
 
এছাড়া অগ্নিকাণ্ড এড়াতে পূজার সময়ও আগুন জ্বালাতে নিষেধ করা হয়েছে। এ আদেশ অমান্য করলে এক বছরের কারাদণ্ড দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।
 
বিহার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ভিয়াস এপিকে বলেন, আমরা এই সময়কে আগুন লাগার ঋতু বলি। পশ্চিম দিক থেকে বহমান শক্তিশালী বাতাস সহজেই আগুনকে ছড়িয়ে পড়তে সাহায্য করে, যার ফলে ভয়াবহ ক্ষতি হয়ে যায়।
 
প্রচণ্ড দাবদাহের কারণে ভারতের অনেক অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পানির অভাব ও গরমের কারণে মানুষের পাশাপাশি গৃহপালিত পশুও মারা যাচ্ছে। দেশটির বহু মানুষ দৈনন্দিন জীবনযাপনের জন্য প্রয়োজনীয় পানিটুকুও পাচ্ছে না। খবর: গার্ডিয়ান।