সুপ্রিমকোর্ট খুলছে ২ মে

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৯:১২
 
আগামী ২ মে থেকে সুপ্রিমকোর্ট খুলবে। সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটি এবং কোর্টের অবকাশের ফলে সর্বোচ্চ আদালতে নিয়মিত বিচারিক কার্যক্রম ১৭ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত বন্ধ থাকছে।
 
১৭ এপ্রিল থেকে গত ২৮ এপ্রিল পর্যন্ত সময়ে জরুরী বিষয় নিস্পত্তির জন্য সুপ্রিমকোটের্র হাইকোর্ট বিভাগে বেশ কয়টি অবকাশকালীন বেঞ্চ ও আপিলে চেম্বার কোর্ট বিচারিক কার্যক্রম পরিচালনা করেছে।
 
অবকাশকালীন বেঞ্চে বিভিন্ন মামলায় আদেশ হয়েছে। হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা সংক্রান্ত বিষয়ে আনা একটি রিট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার তদন্ত কর্মকর্তা বিষয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আনা পৃথক আবেদন নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আদেশ দেয়।
 
অবকাশ শেষে ২ মে সোমবার থেকে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে। এরপর তনু হত্যা, খালেদা জিয়ার আনা আবেদন হাইকোর্টে শুনানি হতে পারে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানায়। এছাড়াও আপিল বিভাগে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন শুনানির জন্য ধার্য রয়েছে।-বাসস।