হাইতিকে আরো ৩৮ মিলিয়ন ইউরো সহায়তা দেয়ার ঘোষণা ইইউর

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৪:৫৪
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) হাইতিকে নগদ আরো ৩৮ মিলিয়ন ইউরো সাহায্য দেয়ার ঘোষণা দিয়েছে। দেশটি বর্তমানে খরা ও পার্শ্ববর্তী ডোমিনিকান প্রজাতন্ত্রের সঙ্গে অভিবাসন সংকট মোকাবেলা করছে।
 
ইইউ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ তহবিলের মধ্যে হাইতির চার লাখেরও বেশি নাগরিকের খাবার ও পানির জন্য ১ কোটি ২২ লাখ ইউরো অন্তর্ভুক্ত। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানায়, এল নিনো আবহাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কিছু এলাকায় কমপক্ষে ৭০ শতাংশ ফসল নষ্ট হয়েছে। হাইতির ৩৬ লাখ নাগরিক খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন। এর মধ্যে ১৩ লাখ ব্যাপক খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছেন।
 
ডোমিনিকান প্রজাতন্ত্র থেকে বের করে দেয়া হাইতির নাগরিকদের সহায়তা করতে ৪ লাখ ইউরো বরাদ্দ করছে ইইউ। এদিকে পার্শ্ববর্তী দেশ হাইতির বংশোদ্ভূত লোকদের লক্ষ্য করে ২০১৫ সালের গ্রীষ্মে একটি অভিবাসন নীতি বাস্তবায়ন শুরু করেছে। সে সময় থেকে প্রায় ৮৭ হাজার লোককে হাইতিতে ফিরতে বাধ্য করেছে দেশটি। 
 
এদের মধ্যে এমন কয়েকজনও রয়েছেন যারা কখনো হাইতিতে বসবাস করেননি। কয়েকজনকে এমনভাবে হাইতিতে ফিরতে বাধ্য করা হয়েছে যারা কেবল পোশাক ছাড়া কিছুই নিয়ে আসতে পারেননি। এছাড়া হাজার হাজার লোক সীমান্তে অস্থায়ী শিবিরে দুর্বল স্যানিটেশনের মধ্যে বসবাস করছেন। জলবায়ু হুমকি মোকাবেলায় হাইতিকে সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে ইইউ জরুরী সহায়তা হিসেবে মধ্যম ও দীর্ঘ মেয়াদি প্রকল্পে এক কোটি ৭০ লাখ ইউরো দিচ্ছে। এএফপি।