খুনিদের আড়াল করতে চাইছে সরকার: নজরুল

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ২১:৩৫
 
সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে সরকার খুনিদের আড়াল করতে চাইছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
 
শনিবার পুরানা পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে লেবার পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই দাবি করেন।
 
নজরুল ইসলাম খান বলেন, যখনই কেউ মারা যায়, তখন সারিন্দা বাজানোর মতো বলেই চলছে যে, এর জন্য বিএনপি-জামায়াত দায়ী। তদন্ত ও বিচারকে প্রভাবিত করার ফলেই এই হত্যাকান্ড বন্ধ হচ্ছে না। কারণ যারা আসল অপরাধী তাদেরকে আড়াল করে দেয়া হচ্ছে এবং তাদেরকে সুযোগ করে দেয়া হচ্ছে পার পেয়ে যাওয়ার জন্য।
 
তিনি বলেন, বিএনপি খুন-হত্যা-সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা বার বার বলছি, খুনি ও জঙ্গিদের ধরার জন্য বিএনপি সহযোগিতা করতে রাজি আছে। তারপরও রাজনৈতিক কারণে অভিযোগ তুলে আসল খুনিকে আড়াল করার যে চেষ্টা, এটার কারণ কী তার তদন্ত করার বিষয়।
 
তিনি বলেন, বাংলাদেশের মানুষ আজ এক অনিরাপদ ও অস্বস্তিকর পরিস্থিতিতে আছে। কে কখন কোথায় গুম হয়ে যাবে, কে কোথায় কখন খুন হয়ে যাবে, কেউ জানে না।
 
লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে দলের মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি, সহ-সভাপতি ফারুক রহমান, এমদাদুল হক চৌধুরী, যুগ্ম মহাসচিব উম্মে হাবিবা রহমান, মাহমুদ খান, আবদু্ল্লাহ আল মামুন, শ্রমিক ফেডারেশনের সহকারী সম্পাদক মজিবুর রহমান ভুঁইয়া বক্তব্য রাখেন।