মাশরাফি মানেই যেন অন্যকিছু। শরীরের অবস্থার কথা পরোয়া না দলের প্রয়োজনে ঝাপিয়ে পড়া অধিনায়কের নামই মাশরাফি। এই চিত্র দেখা গেল ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটেও। যখন মাঠে এলেন, তখনও গায়ে ১০২ ডিগ্রি জ্বর।
কিন্তু দুই ম্যাচ হেরে যাওয়া দলের যে জয়টা খুব দরকার! জ্বর নিয়েই তাই মাঠে নামলেন মাশরাফি বিন মর্তুজা, করলেন ৮ ওভারের স্পেল!
শেষ দিকে বাকি ২ ওভারও বোলিং করে পুরো করলেন ১০ ওভারই। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের বিপক্ষে কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক নিয়েছেন ৪ উইকেট।
প্রথম স্পেলের টানা ওই ৮ ওভার করেছেন অবশ্য ছোট রানআপে। কয়েক পা দৌড়ে করেছেন ডেলিভারি। বল হাতে নিয়েছিলেন চতুর্থ ওভারে। টানা বোলিং করেছেন ১৮ ওভার পর্যন্ত।
দশম ওভারে ৫৭ রান তুলে ফেলা প্রাইম ব্যাংকের উদ্বোধনী জুটিই শুধু ভাঙেননি, ১১ বলের মধ্যে ৩ উইকেট নিয়ে মাশরাফি ম্যাচে ফেরান কলাবাগানকে।
৩৭ রান করা মেহেদি মারুফকে কট বিহাইন্ড করে নিয়েছেন প্রথম উইকেট। এলবিডব্লিউ করেছেন নুরুল হাসানকে(১৮)। ফিরিয়েছেন প্রাইম ব্যাংকের শ্রীলঙ্কান ব্যাটসম্যান দিলশান মুনাবিরাকেও(৩)।
৮ ওভারের টানা স্পেলে ৪৫ রান দিয়ে নেন ৩ উইকেট। শেষ দিকে দ্বিতীয় স্পেলে ফিরে যান পুরো রান আপে। সপ্তম উইকেটে তাইবুর পারভেজ ও রায়হানউদ্দিনের জুটি তখন জমে উঠেছে। মাশরাফি বোলিংয়ে ফিরে দ্বিতীয় বলেই রায়হানউদ্দিনকে (২৬) ফিরিয়ে ভাঙেন ৬৬ রানের জুটি।
সব মিয়ে ১০ ওভারে ৫৬ রান দিয়ে ৪ উইকেট।
