তাজিকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৯:৩৭

এএ্ফসি অনুর্ধ্ব-১৪ ফুটবলে তাজিকিস্তানের মেয়েদের ৯-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। শনিবার তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে আলমোসি অ্যাকাডেমি স্টেডিয়ামে তহুরা খাতুন ও মনিকা চাকমার হ্যাটিট্রিকে বড় জয় পায় বাংলাদেশ। এছাড়া অনুচিং মোগিনি করেন জোড়া গোল; একটি গোল করেন আখি। 

এদিন খেলার পঞ্চম মিনিটে দলকে এগিয়ে দেন তহুরা। ৩ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন অনুচিং। ত্রয়োদশ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।  এর এক মিনিট পরই স্কোরলাইন ৪-০ করেন তহুরা। ৭০তম মিনিটে দলের পঞ্চম ও নিজের হ্যাটট্রিক পূর্ণ করা গোলটি করেন তিনি। 
 
ম্যাচের ৫৭তম মিনিটের নিজের হ্যাটট্রিক পূরণ করেন মনিকা। বাকি দুটি গোল করেন ১৬তম ও ৪৪তম মিনিটে। তাজিকিস্তানের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আখি। 
 
এর আগের ম্যাচে নেপালকে ৯-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে উঠে বাংলাদেশ।