নিজেদের নতুন পণ্য উন্মোচনের জন্য ১০ মে এক ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে শাওমি। ওই ইভেন্টে ‘মি ম্যাক্স’ স্মার্টফোন ও ‘মি ব্যান্ড ২’ উন্মোচন করতে যাচ্ছে চীনা এই প্রতিষ্ঠান। এছাড়াও, এই ইভেন্টে নিজেদের প্রথম স্মার্টঘড়ি উন্মোচন করতে পারে উন্নয়নশীল বাজারে তুমুল জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
এইসব তথ্য জানিয়েছেন শাওমির সহপ্রতিষ্ঠাতা ও ভাইস প্রেসিডেন্ট ডি লিইউ।
ডি লিইউ জানিয়েছেন, আগামী মাসে বেইজিংয়ে আয়োজিত ইভেন্টেই উন্মোচন করা হবে মি স্মার্টঘড়ি। ডিভাইসটির সরবরাহ শুরু হবে চলতি বছরের দ্বিতীয়ার্ধ থেকে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি।
স্মার্টফোনের পর শাওমি বাজারে আনে স্মার্ট-টিভি। এছাড়া ল্যাপটপ-নোটবুকও আনার ঘোষণা দিয়ে রেখেছে প্রতিষ্ঠানটি। আর এবার স্মার্টঘড়ি আনতে যাচ্ছে শাওমি সংশ্লিষ্টরা। মূলত মোবাইল ডিভাইসের পাশাপাশি একে একে প্রযুক্তি বাজারের প্রায় সব খাতেই ব্যবসা সম্প্রসারণ করতে চাইছে প্রতিষ্ঠানটি। তবে অটোমোবাইল খাতে সেভাবে ব্যবসা সম্প্রসারণে যাবে না এই প্রতিষ্ঠান। আর এই তথ্যও নিশ্চিত করেছেন ডি লিইউ।
এর আগেও অনেকবার স্মার্টঘড়ি উন্মোচনের ঘোষণা দিয়েছিল শাওমি। যদিও সে উদ্যোগগুলো সফলতার মুখ দেখেনি। অবশ্য এবার বাস্তবিক অর্থেই নিজস্ব স্মার্টঘড়ি আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
