উন্নয়ন চাইলে ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন দিন: ইনু

আপডেট : ০১ মে ২০১৬, ১৮:৩৫
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে সব শ্রমিকের ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
 
রবিবার সকাল ১১টায় রাজধানীর জিরো পয়েন্ট  মোড়ে মহান মে দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক দল জাসদের (ইনু-শিরিন অংশ) এক সমাবেশে তিনি এ দাবি জানান।
 
তথ্যমন্ত্রী বলেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে নারী ও পুরুষ শ্রমিকের মধ্যে বৈষম্য দূর করতে হবে, নিরাপত্তা সমস্যা দূর করতে হবে। তাদের ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন করার অধিকার অক্ষরে অক্ষরে দিতে হবে। তাদের জন্য ন্যূনতম মজুরি কমিশন গঠন করতে হবে।
 
তিনি বলেন, শ্রমিকরা কাঁদবে আর মালিকরা হাসবে; এই অবস্থা চলতে দেয়া হবে না। সকল জায়গায় শ্রমিক অধিকারের কথা জোরালোভাবে তুলে ধরা হবে।
 
সমাবেশে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, জাসদ নেতা অধ্যাপক আনোয়ার হোসেন, আলীউর রহমান শওকত, নাদের চৌধুরী প্রমুখ।