প্রযুক্তিবিশ্বে পুরনো গুঞ্জন, নেক্সাস স্মার্টফোনের পরবর্তী সংস্করণ তৈরি করবে এইচটিসি। এ নিয়ে তাইওয়ানভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটির সাথে এক চুক্তি করেছে সার্চ জায়ান্ট কোম্পানিটি।
নতুন খবর, গুগলের পরবর্তী দুটি নেক্সাস ফোন তৈরিতে হাত দিয়েছে এইচটিসি। এম১ ও এস১ নামের অধীনে এই ফোন দুটি তৈরি করা হচ্ছে। প্রযুক্তিপণ্যের খবর ফাঁসকারী ইভান ব্লাস তার টুইটার অ্যাকাউন্টে এসব তথ্য জানিয়েছেন।
বাজার বিশ্লেষকদের মতে, পরবর্তী নেক্সাস সিরিজের ফোন আর চলতি বছর উন্মোচন করা হবে না। তবে আগামী বছরের শুরুতেই এই সিরিজের ফোন উন্মোচন করা হবে।
পরবর্তী নেক্সাস ফোনের স্পেশিফিকেশনের জন্য মুখিয়ে আছে প্রযুক্তিপ্রেমীরা। তবে এ নিয়ে কোনো তথ্য জানাতে পারেননি ইভান ব্লাস।
সর্বশেষ গুগল ডিভাইস ‘নেক্সাস ৫এক্স’ ও ‘নেক্সাস ৬পি’ তৈরি করেছে এলজি ও হুয়াওয়ে। এছাড়া এর আগে নেক্সাস ফোন তৈরি করেছে স্যামসাং ও মটোরোলা। ২০১০ সালে এইচটিসিও একটি নেক্সাস স্মার্টফোন তৈরি করে। এবার আবারও নেক্সাস স্মার্টফোন তৈরিতে হাত দিয়েছে এইচটিসি। সূত্র- ফোন এরেনা।
