‘নিজের দুর্নীতি ঢাকতে জয়ের বিরুদ্ধে খালেদা জিয়ার মিথ্যাচার’

আপডেট : ০২ মে ২০১৬, ১৫:৩৫
 
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজেদের দুর্নীতি ঢাকার জন্যই প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন।
 
সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
হাসান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়া নিজের দুর্নীতি, তার ছেলের দুর্নীতি ও তার দলের নেতাদের দুর্নীতি ঢাকার জন্য সজীব ওয়াজেদ জয়কে নিয়ে মিথ্যাচার করে দুর্নীতিবাজ বানানোর চেষ্টা করছেন। জয় সম্পর্কে তার এই মন্তব্য ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট।
 
তিনি বলেন, জয় ডিজিটাল বাংলাদেশের রুপকার। জয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হবার পরও সরকারি কোন বেতন-ভাতা গ্রহণ করেন না। তাই বেগম জিয়া জয়কে নিয়ে এই ধরনের মিথ্যা, বানোয়াট কথা বলে জনগণের মাঝে তার সম্পর্কে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছেন।
 
হাছান মাহমুদ আজ সংগঠনের সভাপতি শাহাদত হোসেন টয়েলের সভাপতিত্বে সভায় জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, আওয়ামী লীগের উপ-কমিটিসহ সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার ও শাজাহান আলম সাজু প্রমুখ বক্তব্য রাখেন।
 
দেশের বিভিন্ন স্থানে গুপ্তহত্যার প্রতিবাদে এই আলোচনা সভার আয়োজন করা হয়।-বাসস।