বিএনপি-জামায়াতের নেতৃত্বে দেশে গুপ্ত হত্যা চালানো হচ্ছে : সংস্কৃতিমন্ত্রী

আপডেট : ০২ মে ২০১৬, ২২:০০
আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর  বলেছেন, সাম্প্রদায়িক বিভ্রান্তি তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াতের নেতৃত্বে দেশে গুপ্ত হত্যা চালানো হচ্ছে।
 
সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সাংস্কৃতিক উপ-কমিটির বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
 
তিনি বলেন, সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে দেশে ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িকতা এবং বিএনপি জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলা করা হবে।
 
ভাষা আন্দোলনের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে অতীতেও যেমন সাংস্কৃতিক বিপ্লব হয়েছে তেমনি ভবিষ্যতেও হবে।
 
এ সময় সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য সচিব চয়ন ইসলাম, চিত্রনায়ক ফারুক, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুস, নাট্য অভিনেত্রী শমী কায়সার, সাংস্কৃতিক সংগঠক কাজী রোজী, বিশিষ্ট আবৃত্তি শিল্পী আহকামউল্ল্যাহ সহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।