নরসিংদী প্রতিনিধি ও শিবপুর সংবাদদাতা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অসাধারণ দেশপ্রেম ও সঠিক নেতৃত্বের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নে দ্রুত সাফল্য লাভ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি উন্নয়নের রেললাইন হিসেবে অভিহিত করে বলেন, তিনি হচ্ছেন উন্নত বাংলাদেশের রূপকার। এ জন্য প্রধানমন্ত্রী কোনো রক্ত চক্ষুকে ভয় করেন না এবং ভবিষ্যতেও করবেন না। তিনিই আমাদের ভরসা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশের মানুষ আইএস-এ বিশ্বাস করে না। মন্ত্রী গত রবিবার নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত শহীদ রবিউল আউয়াল খান কিরন এর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিশাল স্মরণ সভায় প্রধান অথিতির ভাষণে একথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুন অর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী লেঃ কর্নেল (অবঃ) মোঃ নজরুল ইসলাম হীরু, শিবপুর থেকে নির্বাচিত এমপি ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, শিবপুরের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুবুর রহমান ভূইয়া, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল, মরহুম কিরন খানের ছেলে ফজলে রাব্বি খান প্রমুখ।
যুক্তরাষ্ট্রের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোনো জঙ্গি তত্পরতা বা হামলার ব্যাপারে আগাম কোনো তথ্য থাকলে আমাদের দিন। আমরা তো ঘটনার পরবর্তী যে ব্যবস্থা নেয়া দরকার সেটা করছি। আমাদের এখন দরকার ঘটনার আগাম জানা। অষ্ট্রেলিয়া ও ভারতের পুলিশ আমাদের সঙ্গে তথ্য শেয়ার করছে। আপনারাও আমাদের কোনো তথ্য দিলে সেটা গুরুত্বসহকারে দেখব। ইত্তেফাকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে বিবিসির সঙ্গে সাক্ষাত্কারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসী হামলা হওয়ার আগেই তা প্রতিরোধ করার দিকে জোর দিতে চাই।’ মন্ত্রী বলেন, এজন্য আগাম কোনো গোয়েন্দা তথ্য থাকলে তা সরকারকে জানানোর জন্য যুক্তরাষ্ট্রকে বলা হয়েছে। হামলার পরিকল্পনা আগে-ভাগে জানতে প্রযুক্তি এবং প্রশিক্ষণের জন্যও অনুরোধ করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি তত্পরতা সম্পর্কে আগাম গোয়েন্দা তথ্য পেতে ইতোমধ্যেই ভারত ও অষ্ট্রেলিয়ার সাহায্য নিচ্ছে সরকার। সরকার সব সময় দাবি করছে বাংলাদেশের সন্ত্রাসীদের সাথে বিদেশি জঙ্গি সংগঠনগুলোর কোনো সম্পর্ক নেই। সরকারের অবস্থান যখন এটাই তখন বিদেশিরা কিভাবে আগাম তথ্য দিতে পারে? বিবিসির এই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আবারো জোর দিয়ে বলেন, বাংলাদেশের সন্ত্রাসীরা বাংলাদেশের অভ্যন্তরেই সৃষ্ট। বাংলাদেশের জঙ্গি তত্পরতা নিয়ে যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই উদ্বেগ প্রকাশ করছে। ইসলামিক স্টেট (আইএস) বাংলাদেশে তত্পর বলে মার্কিনীদের বদ্ধমূল ধারণা। সম্প্রতি ঢাকায় দু’জন সমকামী অধিকার কর্মী খুন হওয়ার পর, বাংলাদেশে মার্কিন দূত খোলাখুলি বলেছেন, বাংলাদেশের একার পক্ষে জঙ্গি তত্পরতা মোকাবিলা সম্ভব নয়।
