কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আসবেন আজ

আপডেট : ০৩ মে ২০১৬, ০১:০৭
মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ তিনদিনের সরকারি সফরে আজ মঙ্গলবার ঢাকা আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে এই সফরে ঢাকা ও কুয়েত সিটির মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণসহ দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ জাবের দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও দুই দেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষা, সামরিক সহযোগিতা এবং কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা সহজীকরণ সংক্রান্ত তিনটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। কুয়েতে বর্তমানে প্রায় পাঁচ লাখেরও বেশি বাংলাদেশি কর্মরত রয়েছে। বাংলাদেশ থেকে আরো জনশক্তি আমদানির বিষয়ে আলোচনা হবে। চলতি বছরের প্রথম চার মাসে চার হাজার নতুন শ্রমিক নিয়েছে কুয়েত। এছাড়া ২০১৫ সালে ১৭ হাজারের বেশি ও ২০১৪ সালে তিন হাজারের বেশি শ্রমিক গেছে কুয়েতে।
 
কুয়েতের প্রধানমন্ত্রী আজ বিকালে ঢাকা পৌঁছালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে লাল গালিচা সংবর্ধনা জানানোর ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। বিকাল পৌনে পাঁচটায় শেখ জাবের ৬৮ সদস্যের প্রতিনিধি নিয়ে বিশেষ ফ্লাইটযোগে ঢাকা এসে পৌঁছলে ভিভিআইপি টার্মিনালে তাকে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি যাবেন রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে। আগামীকাল বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন তিনি। সন্ধ্যায় হোটেল সোনারগাঁও এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজিত নৈশভোজে যোগ দেবেন শেখ জাবের। এ ছাড়া তার কর্মসূচির মধ্যে রয়েছে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ধানমন্ডিস্থ ৩২ নম্ব্বর সড়কে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং মহান জাতীয় সংসদের চলতি অধিবেশনের কার্যক্রম পরিদর্শন।
 
আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন তিনি। সংসদে বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ বুধবার সকালে তার সঙ্গে সাক্ষাত্ করবেন।
 
কুয়েতের  প্রথম উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ, অর্থ ও তেল মন্ত্রী আনাস খালেদ আল-সাবাহ, শিক্ষা মন্ত্রী ড. বদর হামাদ আল-ইসা সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ কুয়েতের প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত থাকবেন। তা ছাড়া কুয়েত চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও এ সফরে কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সফর করবেন। কুয়েতের ব্যবসায়ী প্রতিনিধিরা এফবিসিসিআই-এর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন। বৃহস্পতিবার দুপুরে তিনি ঢাকা ত্যাগ করবেন।