বিজেপিতে যোগ দিচ্ছেন সঞ্জয় দত্ত?

আপডেট : ০৩ মে ২০১৬, ১০:৪২
জেল থেকে ছাড়া পেয়ে প্রথম বারের মতো কোনও অনুষ্ঠানে গেলেন অভিনেতা সঞ্জয় দত্ত। তাও বিজেপির রাজনৈতিক অনুষ্ঠানে। সঞ্জুবাবার বিজেপির অনুষ্ঠানে ‌যাওয়া নিয়ে বিটাউনে প্রবল গুঞ্জন, তবে কি মুন্নাভাই এবার বিজেপিতে চললেন?
 
মহারাষ্ট্র দিবস উপলক্ষে সঞ্জয় দত্ত মুম্বাইয়ের প্রভাবশালী বিজেপি নেতা আশিস সেলার ও মোহিত খাম্বোজের সঙ্গে একই স্টেজে উঠলেন। সেখানে কমলা রঙের মারাঠি পাগড়ি ও তরোয়াল হাতে পোজও দিলেন তিনি।
 
সঞ্জয়ের বারবার প্যারোলে মুক্তি পাওয়ার বিরোধিতা করে এসেছে বিজেপি। সেই বিজেপির অনুষ্ঠানে হঠাৎ করে সঞ্জয় কেন গেলেন, তা নিয়েই মাতামাতি শুরু হয়।
 
অনুষ্ঠানে সঞ্জয় দত্ত বিজেপির পক্ষে ভাষণও দিয়েছেন। মহারাষ্ট্রে বিজেপির শক্তি বাড়ানোর জন্যও আবেদন করেন। পুরোপুরি কংগ্রেসি পরিবার হলেও সঞ্জয় দত্তের সঙ্গে মহারাষ্ট্রের অধিকাংশ রাজনৈতিক দলের সম্পর্ক বেশ ভালো। শিবসেনা ও ঠাকরে পরিবারের সঙ্গেও দত্ত পরিবারের সম্পর্ক বহুদিনের।
 
তবে সঞ্জয় দত্ত মুম্বাই বিস্ফোরণ মামলায় গ্রেফতার হওয়ার পর বাল ঠাকরে বা শিবসেনা কেউই তাকে বাঁচাতে এগিয়ে আসেনি।
 
বিজেপির অনুষ্ঠানে নিয়ে গিয়ে সঞ্জয়কে কি রাজনীতির সঙ্গে জড়িয়ে দিতে চাইলেন দলের নেতা মোহিত খম্বোজ!
 
মোহিত সে কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এর মধ্যে মাতামাতির কিছু নেই। সঞ্জয় আমার দীর্ঘদিনের বন্ধু। সেজন্যই ওকে অনুষ্ঠানে ডেকে নেয়া। সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস ও ডিএনএ।