বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দেবল চন্দ্র দেবনাথ নামে এক ব্যক্তিকে মারধর, তার বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলা তুলে নিতে বাদীসহ দেবল চন্দ্রের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামিরা। অভিযোগ বাদী পক্ষের।
এ ঘটনায় মামলাটির বাদী দেবল চন্দ্র দেবনাথ তাদের জীবনের নিরাপত্তা চেয়ে লিখিতভাবে হুমকির বিষয়টি থানাপুলিশকে অবহিত করেছেন।
পুলিশ, মামলার বিবরণ ও স্থানীয়দের সঙ্গে কথা বলা জানা গেছে, উপজেলার পাইকুড়া ইউনিয়নের খালিজুড়া (পশ্চিমপাড়া) গ্রামের মৃত দীগেন্দ্র চন্দ্র দেবনাথের ছেলে দেবল চন্দ্র দেবনাথ। তার সঙ্গে বসতবাড়ির সীমানা নিয়ে একই গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে রইছ উদ্দিন, হাবিবুর রহমান এবং তাদের লোকজনের বিরোধ চলে আসছিল। গত ১৮ ফেব্রুয়ারি ওই বিরোধ মীমাংসার জন্য স্থানীয় মাতব্বরদের নিয়ে এক সালিশ দরবারে বসে উভয় পক্ষ।
এক পর্যায়ে ওই সালিশেই দেবল চন্দ্র দেবনাথকে মারধরসহ তার বাড়িতে হামলা এবং ভাংচুর করে প্রতিপক্ষের লোকজন। পরে এ ঘটনায় গত ৭ মার্চ রইছ উদ্দিন ও হাবিবুর রহমানসহ আটজনকে আসামি করে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন দেবল চন্দ্র দেবনাথ।
এদিকে মামলা দায়েরের পর আসামিরা মামলাটি তুলে নিতে বাদীসহ তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলে জানান দেবল চন্দ্র দেবনাথ। এছাড়া মামলা দায়েরের ১১ দিন পেড়িয়ে গেলেও পুলিশ কোনো আসামি গ্রেফতার করতে না পারায় বাদীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি।
আরো পড়ুন: তাইকোয়ান-ডো’তে রানার আপ রাবি
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী জানান, সালিশে বসার পর মারধার, ভাংচুরের ঘটনা দুঃখজনক। আসামিদের গ্রেফতারের জোর তৎপরতা চলছে এবং প্রাণনাশের হুমকির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
ইত্তেফাক/অনি
