আবারও ব্রাজিলে নিষিদ্ধ হোয়াটসঅ্যাপ

আপডেট : ০৩ মে ২০১৬, ১৬:৪৫
আবারও মোবাইল ফোন অপারেটরদের ৭২ ঘণ্টার জন্য বহুল জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ ব্লক করে দেয়ার আদেশ দিয়েছে ব্রাজিলের এক আদালত। ব্যবহারকারীদের তথ্য দিতে অস্বীকৃতি জানালে হোয়াটসঅ্যাপ বন্ধের এই আদেশ দেয়া হয়।
 
ব্রাজিলের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক, অর্থাৎ ১০ কোটি মানুষ ফেসবুক অধিকৃত হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন।
 
মার্কেল মনটালভাও নামের এক বিচারক এই আদেশ দিয়েছেন। যদিও এই আদেশের কারণ সম্পর্কে তিনি কিছু উল্লেখ করেননি। তার এই আদেশে সোমবার বিকাল থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন না ব্রাজিলের ব্যবহারকারীরা।
 
ধারণা করা হচ্ছে, এই আদেশের মূলে মাদক চোরাচালান তদন্তের সম্পর্ক রয়েছে।
 
চলতি বছরের মার্চ মাসে একই বিচারকের আদেশে ফেসবুকের লাতিন আমেরিকার ভাইস প্রেসিডেন্টকে গ্রেফতার করা হয়। মাদক চোরাচালান মামলায় সন্দেহভাজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তথ্য না দেয়ায় তাকে আটকের আদেশ দেয়া হয়।
 
এই নিয়ে দ্বিতীয় বারের মতো ব্রাজিলে হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে গত বছরের ডিসেম্বরে অপর এক আদেশে ৪৮ ঘণ্টার জন্য হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেয়া হয়। সূত্র- লস অ্যাঞ্জেলস টাইমস।