অসহায় মায়ের একমাত্র অবলম্বন কিশোর ভ্যান চালকের লাশ উদ্ধার

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১৫:৫৪

নড়াইল-গোবরা সড়কের কাড়ারবিল নামক এলাকা থেকে কিশোর এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে সদর থানার পুলিশ। নিহতের নাম সাব্বির হোসেন (১১)। রবিবার দিবাগত (১৭ মার্চ) রাতে স্থানীয়রা সাব্বিরের লাশ দেখে থানায় খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

জানা গেছে, সাব্বির কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। অসহায় মায়ের সংসার চালানোর একমাত্র অবলম্বন ছিলো সে। সে তার মায়ের সঙ্গে নড়াইল পৌর এলাকার বিজয়পুরে নানা বাড়িতে থাকতো। তবে সাব্বিরের ভ্যানের সন্ধান এখনো পাওয়া যায়নি।

সাব্বিরের মা আন্না বেগম জানান, গত শুক্রবার (১৫ মার্চ) বিকেলে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় সাব্বির। পরে আর ফিরে আসেনি। তিনি জানান, সাব্বিরের বাবা তাদের কোনো খোঁজখবর নেয় না। এ কারণে চতুর্থ শ্রেণিতে পড়ালেখার পাশাপাশি শিশু বয়সেই সংসারের দায়িত্ব নিতে হয়েছে সাব্বিরকে। প্রায় দুই মাস আগে সাব্বিরের একটি ভ্যান চুরি হয়ে যায়। তবুও সংসারের চাকা সচল রাখতে ছেলেকে নতুন একটি ভ্যান কিনে দেন। সাব্বিরকে হত্যা করে এই ভ্যানটিও দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে বলে ধারণা করছে তার মাসহ পরিবারের লোকজন।

আরও পড়ুনঃ চন্দনাইশে অগ্নিকান্ডে ৯টি বসতঘর ভস্মীভূত

নড়াইল সদর থানার এসআই হাবিবুর রহমান জানান, সাব্বিরের সুরতহাল শেষ হয়েছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি।হত্যাকাণ্ড না অন্য কোনো কারণে সাব্বিরের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

ইত্তেফাক/নূহু