চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফিরতে পারেন রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় সান্তিয়াগো বের্নাবেউয়ে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে নামবে রিয়াল।
প্রথম লেগে সিটির মাঠ থেকে ড্র করে ফেরায় ফাইনালে উঠতে জয়ের বিকল্প নেই স্প্যানিশ জায়ান্টদের। এর আগে ঊরুর চোটের কারণে গত সপ্তাহে লিগে রায়ো ভায়েকানোর বিপক্ষে ৩-২ গোলে জেতা ম্যাচে খেলতে পারেননি রোনালদো।
পরে অনুশীলনে হ্যামস্ট্রিংয়ে (পায়ের পেশিতে) চোট পাওয়ায় গত মঙ্গলবার সিটির বিপক্ষে প্রথম ম্যাচে এবং গত শনিবার লিগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে অনুপস্থিত ছিলেন তিনি।
তবে ইনজুরি কাটিয়ে বুধবারের ম্যাচেই ফিরতে পারেন রোনালদো। আর ফিরতে পারলে রিয়াল শিবিরের জন্যই তা হবে সুখবর।
