অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডট কম গ্রাহকদের জন্য মেম্বারশিপ সুবিধা চালু করেছে। সোমবার রাজধানীর একটি হোটেলে বিক্রয়ের নতুন এই সেবাটি উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, '২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়তে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ২০১৫-১৬ অর্থ বছরে জিডিপির হার এবং মাথাপিছু আয়ও বাড়ছে দ্রুত গতিতে। এটি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি বড় সাফল্য।'
তিনি আরও বলেন, 'দেশে শীঘ্রই অনলাইন মার্কেটপ্লেসের বিপ্লব ঘটবে। আর এখানে কর্মসংস্থান হবে বিপুল সংখ্যক তরুণ-তরুণীর। বাংলাদেশ এখন ডিজিটাল অর্থনীতির দিকে এগোচ্ছে। মানুষ এখন অনলাইনে কিনতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, সামনের দিকে এর পরিমাণ আরও বাড়বে।'
বিক্রয় ডট কমের মার্কেটিং ডিরেক্টর মিশা আলী বলেন, 'এই মেম্বারশিপ সেবাটি ব্যবসায়ীদের নানা ধরনের সুবিধা দেবে। এর মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো দোকান নির্মাণ খরচ ছাড়াই তাদের পণ্য বিক্রি করতে পারবেন এবং খুবই কম খরচে তারা অনেক গ্রাহকদের কাছে পৌঁছাতে পারবেন'।
বিক্রয় ডট কমের নতুন চালু হওয়া এই সেবাটির মাধ্যমে খুব অল্প খরচে বিভিন্ন পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিতে একটি অনলাইন শপ হিসেবে কাজ করবে। এই সেবাটি মোবাইল ফোন স্টোর, ফার্নিচার স্টোর, প্রোপার্টি ডেভেলপার অথবা কার এন্ড মটরসাইকেল শোরুমগুলোসহ বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানকে অনলাইনে ব্যবসায়িক কার্যক্রম চালাতে সাহায্য করবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বেসিস, ব্যাককো, এটুআই, ইক্যাব, ডিওভিবিসিওএল, বারভিডা, এবং রিহ্যাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
