ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নতুন গ্যাস ভিত্তিক ৪০০ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল (পূর্ব) বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছে। সোমবার সকাল ১১টায় বিদ্যুৎ কেন্দ্রটির অভ্যন্তরে পাইলিং কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ক্ষিতীশ চন্দ্র বিশ্বাস।
এ সময় বিদ্যুৎ কেন্দ্রটির ঠিকাদারি প্রতিষ্ঠানের বাণিজ্যিক ব্যবস্থাপক জিয়াং লি, সাব ঠিকাদারি প্রতিষ্ঠান ঐশী এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আলতাব হোসেন, প্রজেক্ট কোঅরডিনেটর ইঞ্জিনিয়ার রেজাউল হোসেন ভূঁইয়াসহ বিদ্যুৎ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রটি কাজ শেষে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে ২০২১ সালের জুলাই মাসে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি এক হাজার চারশ ৭৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ করছে চায়না কোম্পানি ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট ও এক্সপোর্ট কর্পোরেশন (সিএনটিআইসি) ও চায়না ন্যাশনাল করর্পোরেশন ফর ওভারসিস কোঅপারেশন কনসোর্টিয়াম (সিসিওইসি)। নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরো পড়ুন: তাইকোয়ান-ডো’তে রানার আপ রাবি
উল্লেখ্য, বর্তমানে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের আটটি ইউনিট থেকে ১৫৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। দেশের সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র। যা ‘পাওয়ার হাব’ হিসেবে পরিচিত। নির্মাণাধীন প্রকল্পটি বাস্তবায়ন হলে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন হবে ২০০০ মেগাওয়াটে।
ইত্তেফাক/অনি
