খুনের হার কমছে এল সালভাদরে

আপডেট : ০৩ মে ২০১৬, ২১:১১
বিশ্বের সবচে বেশি হত্যাকাণ্ড ঘটে মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে। দেশটির পুলিশ প্রধানের দাবি, এপ্রিল মাসে নরহত্যার সংখ্যা পরিষ্কারভাবে কমেছে এল সালভাদরে। রবিবার পুলিশের দেওয়া পরিসংখ্যানে এমন চিত্রই উঠে এসেছে।
 
এল সালভাদরে অপরাধী চক্রের সহিংসতার কারণেই হত্যাকাণ্ডের ঘটনা বেশি ঘটে। এসব সহিংসতা দেশটির বামপন্থী প্রেসিডেন্ট সালভাদর সানচেজ সেরিনকে বেশ চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।
 
এল সালভাদরের ১৩টি কারাগারে অপরাধী চক্রের ১৫ হাজার ৫০০ জনেরও বেশি সদস্য বন্দী রয়েছেন। তাদের নিয়ন্ত্রণে উদ্যোগের পরিবর্তে সেরিন নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন নিয়ে সমস্যায় পড়েছেন।
দেশের পুলিশ সংঘবদ্ধ সহিংসতা কমিয়ে আনতে সক্ষম হচ্ছে জানিয়ে পুলিশ প্রধান হাওয়ার্ড কোট্টো খুনের পরিসংখ্যান প্রকাশ করেছেন। এপ্রিল মাসে সেখানে ৩৫২ জন খুন হয়েছে। এই সংখ্যা ২০১৫ সালের এপ্রিলের তুলনায় ১৫ দশমিক ৮ ভাগ কম এবং বছরের প্রথম প্রান্তিকের হিসেবে অর্ধেক। ৬৪ লাখ মানুষ অধ্যুষিত দেশটিতে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ২ হাজার ৩টি খুনের ঘটনা নিবন্ধিত হয়েছে।
 
গত বছর দেশটিতে খুনের ঘটনা ৭০ ভাগ বেড়ে যাওয়ায় খুনের হারে প্রতিবেশী হন্ডুরাসকে সরিয়ে শীর্ষে উঠে আসে এল সালভাদর।
 
২০১৫ সালে এল সালভাদরে ৬,৬০০টি খুনের ঘটনা ঘটে। এই হার প্রতি এক লাখে ১০০ জনেরও বেশি। সূত্র: রয়টার্স