আগামী দুই বছরে আনা হবে ১০ লাখ বিদেশি পর্যটক: মেনন

আপডেট : ০৩ মে ২০১৬, ২১:৩৭
আগামী দুই বছরের মধ্যে ১০ লাখ বিদেশি পর্যটক নিয়ে আসার লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
 
মঙ্গলবার চট্টগ্রাম নগরীর স্টেশন রোডে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নির্মিত মোটেল সৈকতের উদ্বোধনীতে এ কথা বলেন তিনি।
 
রাশেদ খান মেনন বলেন, পাহাড়-নদী-সমুদ্র এ তিনে মিলে চট্টগ্রামের যে অপরূপ সৌন্দর্য, পর্যটক আকর্ষণে সেটাকে কাজে লাগাতে হবে। আগামীতে পর্যটন খাত জিডিপিতে পাঁচ শতাংশ অবদান রাখবে। প্রধানমন্ত্রী ২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করেছেন। আমাদের টার্গেট ২০১৬-২০১৭ এর মধ্যে ১০ লাখ বিদেশি পর্যটক দেশে নিয়ে আসা। সে লক্ষ্যে পর্যটন মন্ত্রণালয় কাজ করছে।
 
বিদেশি পর্যটক আনার লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হলে পর্যটন খাত জিডিপিতে কাঙ্ক্ষিত পাঁচ শতাংশ অবদান রাখতে পারবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তানভীর ইমাম, সাবিহা নাহার বেগম ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অপরুপ চৌধুরী বক্তব্য রাখেন।