পরিচালনায় প্রসেনজিৎ

আপডেট : ০৪ মে ২০১৬, ০৯:৪৭
টানা তিন দশক নায়ক হিসেবে টলিউডে রাজত্ব করেছেন কলকাতার ‘বুম্বাদা'। সাফল্যের মুকুটে একে একে যোগ হয়েছে নানা পালক। এবার যোগ হতে চলেছে আরও একটি পালক। ক্যামেরার সামনে থেকে এবার ক্যামেরার পিছনে আসতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
 
ঋতুপর্ণ ঘোষের ‘খেলা'-তে তাকে এক পরিচালকের চরিত্রে দেখা গিয়েছিল, এবার বাস্তবেও অভিনয়ের পাশাপাশি ছবি পরিচালনাতেও হাত পাকাতে চলেছেন তিনি। না বাংলায় নয়, খাস হিন্দিতেই ছবি পরিচালনা করবেন বলে ঠিক করেছেন এই জনপ্রিয় নায়ক।
 
সংবাদ সংস্থা আইএনএসকে প্রসেনজিৎ জানিয়েছেন, ‘সব ঠিক থাকলে ২০১৬-২০১৭ সালেই শুরু হবে ছবির শুটিং। এখন সব কিছুই প্রাথমিক স্তরে রয়েছে। ছবির কাস্টিং এবং বাজেট নিয়ে কথাবার্তা চলছে। শুধু এটুকু বলতে পারি, এটি কোনও ছবির রিমেক নয়।'
 
নায়কের ঘনিষ্ঠ সূত্রে খবর, হিন্দিতে সাহিত্য নির্ভর পিরিয়ড ড্রামা বানাতে চলেছেন প্রসেনজিৎ। বাণিজ্যিক এই ছবিতে দেখা যাবে বাংলার পাশাপাশি হিন্দি এবং আঞ্চলিক ভাষারও শক্তিশালী অভিনেতাদেরও। সূত্র- নিউজ১৮ ডটকম।