সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে এমপিদের জন্য শিক্ষক

আপডেট : ০৪ মে ২০১৬, ১১:০৩
 
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে এমপিদের জন্য শিক্ষক নিয়োগের ব্যবস্থা করেছেন নরেন্দ্র মোদী। তিনি মন্ত্রীসভার এক বক্তব্যে এমপিদের কাছে প্রশ্ন রাখেন, বিজেপি সরকারের মাধ্যমে দেশের উন্নয়নের চিত্র আপনারা কি মানুষকে জানাচ্ছেন?
 
এ সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এমপিদের সক্রিয় হবার আহ্বান জানান। এনডিটিভি'র এক প্রতিবেদনে জানা যায়, মোদীর এই বক্তব্যের পর থেকে একদল তরুণ এই এমপিদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সাহায্য করছেন। শুধু তাই নয় ভারতের শক্তি বিষয়ক মন্ত্রী পিয়ুস গোয়েল, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিংকে বিশেষভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের শেখানো জন্য শিক্ষক নিয়োগ করা হয়েছে।
 
বিজেপির নেতা নরেন্দ্র মোদী যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১০০ ভাগ সক্রিয় সেখানে তার দলের অধিকাংশ এমপি এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় নয়। বিশেষত ৫০ ঊর্ধ্ব পার্লামেন্ট মেম্বাররা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে একেবারেই অনাগ্রহী। কিন্তু দেশটির অধিকাংশ মানুষের কাছে পৌঁছানোর সবচাইতে সহজ মাধ্যম ও প্রচার যন্ত্র হিসেবে ব্যবহারের নিমিত্তে সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হবার আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী। এনডিটিভি।