বৃহস্পতিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ যশোরের আটটি কেন্দ্রে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের এ, বি এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামীকাল (শুক্রবার) শুধুমাত্র যবিপ্রবি কেন্দ্রসমূহে ডি, ই এবং এফ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার সবকটি কেন্দ্রেই ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ ভ্রাম্যমাণ আদালত। এ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় ব্লুটুথ ডিভাইস পাওয়ায় সরকারি এম এম কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে মো. আমানুর রহমান নামের এক ছাত্রকে পুলিশে সোপর্দ এবং পদার্থবিজ্ঞানের সূত্র সংবলিত চিরকুট পাওয়ায় ফাতেমা তুজ জোহরা নামের এক ছাত্রীকে যশোর সরকারি সিটি কলেজ কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। যবিপ্রবির বঙ্গবন্ধু একাডেমিক ভবনে দুটি স্মার্টফোন নিয়ে কক্ষের সামনে ঘোরাঘুরি করায় বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আনোয়ার হোসেনকে পুলিশে সোপর্দ করা হয়।
যবিপ্রবিতে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে এ ইউনিটে ২৭০টি আসনের বিপরীতে ১৪ হাজার ৪৩২ জন, বি ইউনিটে ১৮০টি আসনের বিপরীতে ১২ হাজার ৭২ জন এবং সি ইউনিটে ২৩৫টি আসনের বিপরীতে ১০ হাজার ৬৪৩ জন আবেদন করেন। অর্থাৎ তিনটি ইউনিটে মোট ৩৭ হাজার ১৪৭ জন ভর্তি পরীক্ষায় আবেদন করেন।
পরীক্ষা চলাকালে কেন্দ্রসমূহের নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক-কর্মকর্তাগণ। ভর্তি পরীক্ষা শেষে আগামী ২৫ নভেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ১ ডিসেম্বর হতে ভর্তি কার্যক্রম শুরু হবে।
ইত্তেফাক/নূহু
