বিএনপি চেয়ারপরাসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পোস্ট ‘অশোভন ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত’ বলে উল্লেখ করেছে বিএনপি। বুধবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, দেশের একটি রাজনৈতিক দলের প্রধানের ছেলে হিসেবে বিপক্ষ রাজনৈতিক দলের প্রধানকে নিয়ে কথা বলতে যে ‘ভদ্রতা’ দেখাতে হয় তার লেশমাত্র জয়ের পোস্টে নেই।
তিনি বলেন, অবৈধ সরকার প্রধানের পুত্র দেশের জনপ্রিয় একটি রাজনৈতিক দলের প্রধানের বিরুদ্ধে অশোভন কথা বলেন, তখন দেশের মানুষ হতবাক হয়, তার পারিবারিক সংস্কৃতি নিয়েও বড় ধরনের প্রশ্ন চলে আসে। আমরা সজীব ওয়াজেদ জয়ের স্ট্যাটাসের তীব্র প্রতিবাদ, নিন্দা ও ধিক্কার জানাচ্ছি।
এর আগে রবিবার এক ফেসবুক পোস্টে খালেদা জিয়ার সমালোচনা করে জয় লিখেছেন, ‘একজন মহিলা, যিনি এতিমের টাকা চুরি করেছেন, যার ছেলে দুর্নীতির কারণে এফবিআই কর্তৃক পলাতক আসামি, তার মতো লোকের অবশ্যই বঙ্গবন্ধুর নাতির দিকে কাদা ছোড়া উচিত নয়।’
