২০১৫ সালে গিনি উপসাগরে জাহাজ হাইজ্যাকের ঘটনায় জলদস্যুদের ৪ লাখেরও বেশি মুক্তিপণ দিতে হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ওশানস বিয়ন্ড পাইরেসি গ্রুপ প্রতিবেদনে এই কথা জানিয়েছে।
বিশ্বে নাবিকদের জন্য ওই অঞ্চলটি সবচেয়ে ভয়ঙ্কর। ওখানকার জলদস্যুদের নির্মমতা সবচে বেশি। প্রতিবেদনে বলা হয়, প্রায় ৩২ জন নাবিককে চলতি বছর অপহরণ করা হয়েছে। ২০১৫ সালে এই সংখ্যা ছিল ১৫ জন।
মূলত তেল উৎপাদক অঞ্চল নাইজেরিয়া উপকূলে মুক্তিপণ আদায়ের জন্য অপহরণের ঘটনাগুলো ঘটে থাকে। নাইজেরিয়ার জলসীমায় টহল ব্যবস্থার উন্নতি হওয়ায় গেল বছর থেকে তেলচুরির ঘটনা কমে গেছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কমে যাওয়ায় এই জ্বালানি কম লাভজনক হয়ে উঠেছে।
গত বছর অন্যতম বড় ঘটনা ছিল মাল্টার পতাকাবাহী এমটি কালামোস জাহাজ আক্রমণের ঘটনা। তেলবাহী এই সুপার ট্যাঙ্কারটি থেকে যাত্রীদের অপহরণ করে নিয়ে যাওয়ার পর ৪ লাখ মার্কিন ডলার মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে কে বা কারা এই মুক্তিপণ দিয়েছে তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। বিবিসি।
