ঈদের টেলিফিল্ম ‘ওরা টিউলিপ ভালোবাসে’

আপডেট : ০৪ মে ২০১৬, ১৭:৪৪
সিদ্ধান্তহীনতা আর মনস্তাত্বিক দ্বন্দ্বে জড়ানো গল্প নিয়ে সম্প্রতি ফরিদ উদ্দিন মোহাম্মদ নির্মাণ করেছেন টেলিফিল্ম ‘ওরা টিউলিপ ভালোবাসে’। নির্মাতা জানিয়েছে, ঈদে একটি চ্যানেলে টেলিফিল্মটি প্রচার করা হবে।
 
সিদ্ধান্তহীনতায় ভোগা রবি জীবনের এক কঠিন টানাপোড়েনে আবদ্ধ। নাবিলার সাথে আগে থেকেই বিয়ে ঠিক করা থাকে, কিন্তু আমেরিকা থেকে দেশে ফেরার পথে লাগেজ চেঞ্জ হয়ে যায় বিনিতা নামের একজনের সাথে। লাগেজের ট্যাগে থাকা ফোন নাম্বার দেখে বিনিতা ফোন করে রবিকে। এরপর পরস্পরের সাথে কথা বলা থেকে কবিতা শোনানো, ভালোলাগা, অতঃপর ভালোবাসা।
 
বিপরীত দিকে নাবিলার সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়তে থাকে রবি-র। কিন্তু নির্ধারিত তারিখেই আংটি বদল হয় তাদের। এরপর ঘটনাক্রমে তিনজনের জীবন ঘুরে দাঁড়ায় তিন প্রান্তে। এভাবেই গল্প এগিয়ে চলে টিউলিপ ফুলকে ভালোবাসা তিনজন মানুষকে ঘিরে। ফারাহ সাঈদের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য লিখেছেন সাদিয়া আফরিন ও নির্মাতা নিজেই। প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন আব্দুন নুর সজল, জাকিয়া বারি মম, সনিয়া হোসাইন, সাইকা আহমেদ ও আফফান মিতুলসহ আরো অনেকে।