ইতিহাস গড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতার পর আগামী মৌসুমের লড়াইয়ে লেস্টার সিটির মহাতারকা ফুটবলারের প্রয়োজন নেই বলে জানিয়েছেন কোচ ক্লদিও রানিয়েরি। বরং বর্তমান দলটিকেই যে কোনো মূল্যে ধরে রাখতে চান ইতালির এই কোচ।
সোমবার চেলসির মাঠ থেকে টটেনহ্যাম হটস্পার ড্র করে ফেরায় ২ ম্যাচ বাকি থাকতেই লিগ শিরোপা নিশ্চিত হয় লেস্টারের। রানিয়েরি জানেন আগামী মৌসুমে দলের শক্তি বাড়ানোর ক্ষেত্রে তার জন্য কঠিন কাজ অপেক্ষা করছে। আমাদের মহাতারকাদের দরকার নেই, আমাদের নিজেদের খেলোয়াড়দের দরকার। আমি বড় তারকাদের পরিবর্তে সঠিক খেলোয়াড়দের দিয়ে দলের উন্নতি করতে চাই।
অসাধারণ একটি মৌসুমের পর জেমি ভার্ডি, রিয়াদ মাহরেজ আর এনগোলো কান্তেকে অনেকেই পেতে চাইবে। এ ক্ষেত্রে নিজের দলের খেলোয়াড়দের মূল্য বাড়িয়ে দেবেন বলে জানান রানিয়েরি। আমি বলব, ‘আমার খেলোয়াড়দের কেনার জন্য পর্যাপ্ত টাকা তোমাদের কী আছে?’
খেলোয়াড়দের ইতালির এই কোচ লেস্টারেই থেকে যাওয়ার পরামর্শ দিয়ে রাখছেন। তাদের জন্য আছে লেস্টারের হয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ। আরও এক বছর এখানে থাকাই বেশি ভালো এবং দেখতে হবে কী ঘটে। এর পর হয়ত তোমরা যে কোনো জায়গায় যেতে পারো। তোমাদের সঙ্গে অন্য চ্যাম্পিয়নদের তুলনা করার জন্য চ্যাম্পিয়ন্স লিগ আরেকটা গুরুত্বপূর্ণ লিগ। ছেলেগুলো আমার সন্তানের মতো। তারা আমার কাছে এলে আমি বলি, ‘সতর্ক থাক'। লেস্টার ভবিষ্যতে খুব উঁচু স্থানে যাবে। গোল.কম।
