৭৭ হাজার কর্মী ছাঁটাই করছে লাদেনের পারিবারিক কোম্পানি

আপডেট : ০৪ মে ২০১৬, ১৯:১৯
আর্থিক সংকটে পড়েছে ওসামা বিন লাদেনের পারিবারিক মালিকানাধীন বহুজাতিক নির্মাণ প্রতিষ্ঠান বিন লাদেন গ্রুপ। কয়েক মাসের বকেয়া বেতনের দাবিতে রাস্তায় বিক্ষোভ দেখিয়েছে প্রতিষ্ঠানটির কর্মীরা। এই অবস্থায় ৭৭ হাজার প্রবাসী কর্মী ছাঁটাই করে দেয়ার ঘোষণা দিয়েছে তারা। লাদেনের বাবা প্রতিষ্ঠিত বিন লাদেন গ্রুপ এখন তার ভাই পরিচালনা করেন।
 
শনিবার বিন লাদেন গ্রুপের বিক্ষুব্ধ বিদেশি কর্মীরা সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় সাতটি বাসে অগ্নি সংযোগ করেন। কোম্পানিটিতে প্রায় দুই লাখ মানুষ চাকরি করেন।
 
প্রায় ৬৬০ মিলিয়ন মার্কিন ডলার বকেয়া বেতন পাবেন কর্মীরা। এ নিয়ে চাপের মুখে রয়েছে বিন লাদেন গ্রুপ। প্রবাসীরা ছাড়াও প্রায় ১২ হাজার সৌদি নাগরিককেও ছাঁটাই করার পরিকল্পনা করছে কোম্পানিটি। সৌদি কর্মীদের 'চাকরি ছাড়তে অথবা অপেক্ষা' করার পরামর্শ দিয়েছে কোম্পানিটি।
 
সৌদি আরবের প্রায় ৭০ শতাংশ সরকারি কাজের ঠিকা পায় বিন লাদেন গ্রুপ। সম্প্রতি তেলের দাম পড়ে যাওয়ায় ব্যয় সংকোচন নীতি নিয়েছে সৌদি আরব। এতে আর্থিক সংকটে পড়ে বিন লাদেন গ্রুপ। সূত্র: ওয়াশিংটন পোস্ট