রবি সুপারফাস্ট ইন্টারনেট কুইজ জিতল ১৪৮ জন

আপডেট : ০৪ মে ২০১৬, ১৯:৪৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে রেডিও স্বাধীন ৯২.৪ এফএম আয়োজিত রবি সুপারফাস্ট ইন্টারনেট কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হলেন ১৪৮ জন শ্রোতা। বুধবার রাজধানীর এক ক্যাফেতে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন রেডিও স্বাধীন ও মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের কর্মকর্তারা। 
 
টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে খেলার ধারাভাষ্য সম্প্রচারের পাশাপাশি রবি সুপারফাস্ট ইন্টারনেট কুইজ প্রতিযোগিতার আয়োজন করে রেডিও স্বাধীন। প্রতিদিন ৮ টি করে মোট ১৪৮ টি কুইজে অংশ নেন রেডিও স্বাধীনের শ্রোতারা। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বাছাই করে প্রতিদিন ৮ জন করে বিজয়ী ঘোষণা করা হয়। 
 
পুরষ্কার হিসেবে বিজয়ীরা পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও মুস্তাফিজুর রহমানের সাইন করা ব্যাট, মগ ও জার্সিসহ আরও অনেক উপহার। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা আলী যাকের, ইরেশ যাকের, শ্রিয়া সর্বজয়াসহ রবির কমিউনিকেশনস অ্যান্ড কর্পোরেট রেসপন্সিবিলিটি’র ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর এবং ব্র্যান্ড মার্কেট ও কমিউনিকেশনসের ভাইস প্রেসিডেন্ট খন্দকার আশরাফুল হক।