সিরিয়ার দ্বিতীয় নগরী আলেপ্পোতে গতরাতে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। নগরীতে বিদ্রোহীদের একটি বড় ধরনের অভিযানের পর এ সংঘর্ষ হয়। ‘ফাতেহ হালাব’ বা আলেপ্পো কনকোয়েস্ট নামে যুদ্ধরত বিরোধী গ্রুপগুলোর জোট মঙ্গলবার টানেল বোমা নিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর ওপর হামলা চালায়।
মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, নগরীর পশ্চিমাঞ্চল থেকে বিদ্রোহী যোদ্ধারা প্রথমে সরকার নিয়ন্ত্রিত জেলাগুলোর দিকে অগ্রসর হয়। তবে বুধবার সকালে তারা পিছু হটে।
মানবাধিকার সংগঠনের প্রধান রামি আব্দেল রহমান বলেন, আলেপ্পোতে গত এক বছরের মধ্যে সবচেয়ে সহিংস যুদ্ধ এটি। এএফপি-র সংবাদদাতা জানান, নগরীতে রাতভর ভয়াবহ সংঘর্ষ হয়।
এ সময় ভারী গোলা নিক্ষেপ ও বিমান থেকে হামলার শব্দ শোনা যায়। সকালের দিকে পরিস্থিতি শান্ত হয়ে আসে। তবে উদ্বিগ্ন বাসিন্দাদের আশংকা, দীর্ঘসময় পরিস্থিতি শান্ত থাকবে না। এএফপিঃ।
