বুড়িমারী দিয়ে সেনাবাহিনীর তৃতীয় সাইক্লিং দলের ভারতে গমণ

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১৭:৪৪

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ সদস্যের তৃতীয় সাইক্লিং দল সোমবার (১৮ মার্চ) ভারতে গমণ করেছে। আন্তবাহিনী জনসংযোগ (আইএসপিআর) পরিদপ্তর সূত্র জানিয়েছে, ১৯ মার্চ ভারতের কুচবিহারে যৌথ সাইক্লিংয়ের উদ্বোধন অনুষ্ঠান হবে।

বেলা সাড়ে ১২টায় বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল সাঈদ কবিরের নেতৃত্বে চারজন মেজর, দুইজন ক্যাপ্টেন, একজন লেফটেন্যান্ট, একজন ওয়ারেন্ট অফিসার ও ছয়জন সৈনিকসহ ১৫ সদস্যের সাইক্লিং দল ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতীয় সেনাবাহিনীর কর্নেল মনিন্দ্র সিরাজ ও মেজর জিতেন্দ্র কুমার বাংলাদেশি সাইক্লিং দলকে অভ্যর্থনা জানান।

ভারতের অভ্যন্তরে ভারত ও বাংলাদেশ সেনাবাহিনীর ৩০ সদস্যের সাইক্লিং দল চারদিন সাইক্লিং অভিযান করার পর আগামী ২২ মার্চ বাংলাদেশে প্রবেশ করবে। বাংলাদেশেও উভয় দেশের সাইক্লিং দল সাইক্লিং অভিযান করবে এবং ২৫ মার্চ ফ্ল্যাগ ইন অনুষ্ঠানের মাধ্যমে যৌথ সাইক্লিং অভিযানের সমাপ্তি ঘোষণা করা হবে। 

আরও পড়ুনঃ সিংড়ায় সংখ্যালঘু কিশোরীকে অপহরণের ৭ দিন পর উদ্ধার, আটক-২

বাংলাদেশ-ভারতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় ও বেগবান করতে উভয় দেশের সেনাসদস্যদের অংশগ্রহণে ২০১৭ সাল থেকে প্রতিবছর যৌথ সাইক্লিং অভিযান পরিচালনার আয়োজন করা হয়। 

ইত্তেফাক/নূহু