আলেপ্পোয় সিরিয়ার অস্ত্রবিরতির অঙ্গীকার

আপডেট : ০৫ মে ২০১৬, ১৭:১২
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের চাপের মুখে সিরীয় সামরিক বাহিনী যুদ্ধ-বিধ্বস্ত আলেপ্পো নগরীতে দুই দিনের অস্ত্রবিরতি পালনে বুধবার সম্মত হয়েছে। ওয়াশিংটন জানায়, সিরীয় সরকার ও বিদ্রোহী গ্রুপের মধ্যে ভঙ্গুর অস্ত্রবিরতি চুক্তি মেনে চলতে সংশ্লিষ্ট সকল পক্ষকে চাপ দেয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সম্মত হওয়ার পর সিরিয়ার সামরিক বাহিনী অস্ত্র-বিরতি পালনের এ অঙ্গীকার করলো।
 
সিরিয়ার সামরিক কমান্ডের বরাত দিয়ে সরকারি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, এ অস্ত্রবিরতি চুক্তি বৃহস্পতিবার রাত ১ টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা আলেপ্পোতে বলবৎ থাকবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের অস্ত্রবিরতি পর্যবেক্ষকরা যুক্তরাষ্ট্রের অস্ত্রবিরতি পর্যবেক্ষকদের সঙ্গে ৬ মে মধ্যরাত পর্যন্ত এই অস্ত্রবিরতি পর্যবেক্ষণে সম্মত হয়েছেন।
 
এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি জানান, আলেপ্পোতে নতুন অস্ত্রবিরতি চুক্তি স্থানীয় সময় মধ্যরাত থেকে ইতোমধ্যে শুরু হয়েছে এবং এসে সেখানে সহিংসতা কমে গেছে। তবে সেখানে থাকা এএফপি’র সংবাদদাতা জানান, অস্ত্রবিরতি ইতোমধ্যে শুরু হলেও আলেপ্পো ও দামেস্কের পশ্চিমাঞ্চলের একটি এলাকায় ভয়াবহ যুদ্ধ অব্যাহত রয়েছে।
 
কেরি বলেন, আমরা সার্বিকভাবে এসব এলাকায় সহিংসতা অনেক হ্রাস পেতে দেখলেও সেখানে কিছু এলাকায় এখনো সহিংসতা অব্যাহত রয়েছে এমন খবর পাওয়া যাচ্ছে। তিনি আরো বলেন, এ চুক্তির আওতায় পর্যবেক্ষণ বাড়ানোর ব্যাপারে জেনেভায় থাকা যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তাদের রাশিয়ার সহকর্মীদের সঙ্গে সমন্বয় করছেন। এএফপি।