সপ্তাহে চারজনকে ‘আনফ্রেন্ড’

আপডেট : ০৫ মে ২০১৬, ১৭:২৫
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আনফ্রেন্ড করার হার  বাড়ছে।  ভাউচারকোডসপ্রো নামের একটি অনলাইন প্রতিষ্ঠানের গবেষণায় বলা হয়েছে, একজন ফেসবুক ব্যবহারকারী সপ্তাহে গড়ে ৪ জনকে বন্ধু তালিকা থেকে বাদ দিয়ে দেন।
 
 
যুক্তরাজ্যের আড়াই হাজার তরুণ-তরুণীর উপর এ গবেষণাটি চালানো হয়, যারা অন্তত পাঁচ বছর ধরে ফেসবুক ব্যবহার করছেন। ভাউচারকোডসপ্রোর গবেষণায় বলা হয়, একজন মানুষের ফেসবুকে গড় বন্ধুর সংখ্যা ৩২০ জন। তালিকা থেকে বন্ধুদের সরিয়ে ফেলার পাশাপাশি নতুন বন্ধুদেরও তালিকায় অন্তর্ভুক্ত করেন ব্যবহারকারীরা।
 
ফেসবুকে বন্ধুদের তালিকা থেকে বাদ দেয়ার কারণ হিসেবে গবেষণায় বলা হয়েছে, বেশি বেশি ছবি, পোস্ট দেয়া, বিরক্তিকর মন্তব্য করা, অতিরিক্ত গ্রাফিক্স ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা ইত্যাদি। গবেষণায় অংশ নেয়া আড়াই হাজার তরুণ-তরুণীর মধ্যে ২৭ শতাংশ কেউ অনেক বেশি পোস্ট, ছবি এবং আপডেট দিয়ে থাকলে তাকে বন্ধু তালিকা থেকে বাদ দেয়ার জন্য মত দেন।
 
বিরক্তিকর কোনো কিছু পোস্ট করার কারণে বন্ধুদের বাদ দেন ১৮ শতাংশ। বাস্তব জীবনে বিরক্তিকর হওয়ায় ১৪ শতাংশ উত্তরদাতা কিছু বন্ধুকে বাদ দিতে চান। বেশি গ্রাফিক ল্যাঙ্গুয়েজ পছন্দ করেন না ১১ শতাংশ। আর ৮ শতাংশ উত্তরদাতা অপরিচিত বন্ধুদের তালিকা থেকে বাদ দেয়ার পক্ষে। মিরর।