শনিবার থেকে শুরু হচ্ছে ‘ওয়ালটন নবম জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতা-২০১৬’। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ৭ মে শুরু হয়ে এই প্রতিযোগিতা চলবে ১১ মে পর্যন্ত। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. নিজামউদ্দিন চৌধুরী পারভেজ বলেন, ‘আমাদের জাতীয় মহিলা কাবাডি দলে বর্তমানে যে খেলোয়াড় রয়েছে তারা দুই বছরের বেশি সার্ভিস দিতে পারবে না। তারা চলে গেলে জাতীয় দলে খেলোয়াড় সংকট তৈরি হবে। কিন্তু এই ধরণের টুর্নামেন্টগুলোর মাধ্যমে আশা করছি পাইপলাইনে ভালো কিছু খেলোয়াড় রাখতে পারব। যারা এক সময় জাতীয় দলকে সার্ভিস দেবে।’
এছাড়া ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। সে কারণে ওয়ালটন গ্রুপ কাবাডি খেলাকে গুরুত্ব দেয়। অন্য যোকোনো ফেডারেশনের চেয়ে কাবাডির সঙ্গে আমাদের সম্পৃক্ততা একটু বেশি। আমরা চাই সার্ভিসেস দলগুলোর পাশাপাশি জেলা ভিত্তিক দলগুলোও ভালো করুক। আমরা বিশ্বাস করি ওয়ালটন নবম জাতীয় মহিলা কাবাডি টুর্নামেন্ট থেকে ভালো কিছু খেলোয়াড় উঠে আসবে এবং একদিন তারা জাতীয় দলে খেলবে। তাদের হাত ধরে বাংলাদেশের কাবাডি আরো অনেক দূর এগিয়ে যাবে। আমি এই টুর্নামেন্টের সর্বাঙ্গিন সাফল্য কামনা করছি।’
সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের ওয়ালটন নবম জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশ নিতে যাচ্ছে। তার মধ্যে ১০টি দল ইতিমধ্যে প্রতিযোগিতায় অংশ নিতে নাম নিবন্ধন করেছে।
দলগুলো হল- বিজেএমসি, বাংলাদেশ আনসার, ঢাকা জেলা, নড়াইল জেলা, ফরিদপুর জেলা, পঞ্চগড় জেলা, বরিশাল জেলা, ঝিনাইদহ জেলা, জামালপুর জেলা, রাজশাহী জেলা, কুমিল্লা জেলা ও সিলেট জেলা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফএম ইকবাল বিন আনোয়ার (ডন), এজিএম মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. নিজামউদ্দিন চৌধুরী পারভেজ, সদস্য সচিব রেহানা পারভীনসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।
