খুলনায় মো. মহিববুল্লাহ (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর খালিশপুরস্থ টিএন্ডটি অফিস সংলগ্ন স্থানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহত মুহিববুল্লাহ নগরীর খালিশপুর প্লাটিনাম কাঁচা কলোনী এলাকার তজিবর রহমানের ছেলে।
পুলিশ জানায়, খালিশপুরের টিএন্ডটি অফিসের গেটের সামনে রাত সাড়ে ১০টার দিকে কে বা কারা মহিববুল্লাকে পিটিয়ে হত্যা করে। ঘটনাস্থল থেকে ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। নিহতের মাথার ডান পাশের পেছনে এবং মুখের বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীর তৈমুর ইলী জানান, মহিববুল্লাহ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। পোস্টমর্টেমের জন্য তার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কারা কি কারণে তাকে হত্যা করেছে- তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনা তদন্ত করে বিস্তারিত জানা যাবে।
