ইউরোপা লিগের ফাইনালে লিভারপুল-সেভিয়া

আপডেট : ০৬ মে ২০১৬, ১২:১৪
 
ঘরের মাঠে ভিলারিয়ালকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের ফাইনাল নিশ্চিত করল লিভারপুল। অন্যদিকে শাখতারকে হারিয়ে ফাইনালে উঠেছে স্প্যানিশ ক্লাব সেভিয়া।
 
ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা ভিলারিয়ালের মাঠে ১-০ গোলের হার নিয়ে বৃহস্পতিবার নিজেদের মাঠে নামে। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণ শিবিরে একের পর এক আক্রমণ করতে থাকে অল রেডরা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৭ মিনিটে সফরকারী দলের ব্রুনো নিজেদের জালে বল জড়ালে লিড পায় স্বাগতিক শিবির। এরপর আক্রমণের ধার বাড়িয়ে দেয় লিভারপুল। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্টারিজ-লালানারা।
 
বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ক্লপের শিষ্যরা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৬৩ মিনিটে গোল করে দলকে ২-০ তে এগিয়ে নেন ড্যানিয়েল স্টারিজ। আর ম্যাচের ৮১ মিনিটে অ্যাডাম লালানা গোল করলে ৩-০ গোলের বড় জয়ে ফাইনাল নিশ্চিত হয় লিভারপুলের।
 
একই রাতে সেভিয়া শাখতারের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে। টানা তৃতীয়বারের মত ইউরোপা লিগের ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।