মনিরুল হক চৌধুরীকে আরও দুই মামলায় গ্রেফতার দেখাতে পুলিশের আবেদন

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১৯:১৩

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম সমন্বয়ক এবং আসন্ন সংসদ নির্বাচনে কুমিল্লার দুইটি আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি মনিরুল হক চৌধুরীকে আরও দুইটি মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন দাখিল করা হয়েছে। জেলার নাঙ্গলকোট থানা পুলিশ সন্ত্রাস বিরোধী আইনে এবং বিশেষ ক্ষমতা আইনের ওই দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর জন্য গত মঙ্গলবার পৃথক দুইটি আবেদন করে। বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন মনিরুল হক চৌধুরীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল মোতালেব মজুমদার।

জানা যায়, জেলার নাঙ্গলকোট থানায় গত ২১ আগস্ট বিশেষ ক্ষমতা আইনে একটি এবং ৮ সেপ্টেম্বর সন্ত্রাস বিরোধী আইনের একটিসহ পৃথক ২টি মামলায় মনিরুল হক চৌধুরীকে গ্রেফতার দেখানোর জন্য ওই থানার পুলিশ গত মঙ্গলবার কুমিল্লার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ৫নং আমলী আদালতে পৃথক দুইটি আবেদন দাখিল করে।

মনিরুল হক চৌধুরীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল মোতালেব মজুমদার বলেন, ওই আদালতের বিচারক রোকেয়া বেগম আগামী ২৬ নভেম্বর মনিরুল হক চৌধুরীর উপস্থিতিতে পুলিশের ওই দুইটি আবেদনের শুনানীর তারিখ ধার্য করেছেন। তবে এসব মামলার এজাহারেও মনিরুল হক চৌধুরীর নাম নেই।

তিনি আরও বলেন, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি জেলার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় বাসের ৮ যাত্রী নিহতের ঘটনায় চৌদ্দগ্রাম থানার দুইটি মামলায় মনিরুল হক চৌধুরী হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। গত ২৪ অক্টোবর জেলা জজ আদালত তার জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেন। পরে ওই দুটি মামলায় গত ৪ নভেম্বর হাইকোর্ট থেকে তার জামিন আদেশ হয়। এরপর জেলার সদর দক্ষিণ মডেল থানা পুলিশের সন্ত্রাস বিরোধী ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখানোর কারণে তিনি জেলহাজতে আছেন। 

গত মঙ্গলবার জেলার নাঙ্গলকোট থানার সন্ত্রাস বিরোধী আইনের একটি ও বিশেষ ক্ষমতা আইনের একটিসহ পৃথক দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর জন্য নতুন করে আবেদন করেছে পুলিশ। 

ইত্তেফাক/নূহু