ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে জয় পেয়েছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে স্পিন তান্ডবে ৭ উইকেটের জয় পায় সাদা-কালো শিবির।
আক্ষরিক অর্থেই এদিন স্পিনারদের দাপট ছিল। কারণ গাজী গ্রুপ ক্রিকেটার্সের সবকটি উইকেটই নিয়েছেন স্পিনাররা।
আগে ব্যাটিং করে নাঈম ইসলাম জুনিয়র ও এনামুল হক জুনিয়রের ঘূর্ণিতে গাজী গ্রুপের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। ৩৭.১ ওভারে ১৪১ রানেই গুটিয়ে যায় তারা।
দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেন অলক কাপালি। এছাড়া শামসুর রহমান ২৬ ও এনামুল হক বিজয় ২৩ রান করেন। মোহাডেমানের বোলারদের মধ্যে এনামুল হক জুনিয়র ৬.১ ওভারে ২৬ রান খরচায় ৪ উইকেট নেন। নাঈম ইসলাম জুনিয়রও ৪টি উইকেট নিয়েছেন।
১৪২ বলের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই উইকেট হারায় মোহামেডান। দলীয় ১৩ রানে ইজাজ আহমেদকে হারালে ক্রিজে নামে শ্রীলঙ্কান উপল থারাঙ্গা। সৈকত-থারাঙ্গা দুইজন মিলে ৭৩ রানের জুটি গড়েন। সৈকত ৪২ রানে ফিরে গেলে মুশফিক ক্রিজে নামার কথা থাকলেও ক্রিজে নামেন নাঈম ইসলাম।
শেষ দিকে নাঈম ইসলাম (১৮) ও আরিফুল হক (২৫) রান নিয়ে জয় নিশ্চিত করেন। ৩১.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান।
