এমএইচটিসি’র মাসব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু

আপডেট : ০৬ মে ২০১৬, ১৭:৩৭
‘সুস্থতায় শুদ্ধতায় মানসিক প্রশান্তি’ স্লোগানে যাত্রা শুরু হল মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের (এমএইচটিসি) মাসব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রম। মালয়েশিয়ায় মানসম্পন্ন ও সুলভ চিকিৎসাসেবার সুযোগ সুবিধা সম্পর্কে প্রচারণার অংশ হিসেবে এই স্বাস্থ্যসেবা মাসের কার্যক্রম পরিচালিত হবে। এমএইচটিসি’র এ কার্যক্রমের অংশীদার গ্রিন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান জিডি অ্যাসিস্ট।
 
ম্যারাথন প্রতিযোগিতার মধ্য দিয়ে এ কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে আজ শুক্রবার। সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেলুন উড়িয়ে ‘ফান রান ম্যারাথন’ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত নূর আশিকিন মোহাম্মদ তায়িব। ব্যতিক্রমী এই দৌড় প্রতিযোগিতায় প্রায় একশ স্বাস্থ্যসচেতন মানুষ অংশ নেন। ইন্দিরা রোড ক্রীড়া চক্র মাঠের সামনে থেকে জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তায় প্রতিযোগীরা ক্রীড়া নৈপুণ্য দেখান। প্রতিযোগিতায় রোবায়েত, হোসেন মোহম্মদ ও প্রীতম নাগ যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেন। তিন বিজয়ীকে আয়োজকদের পক্ষ থেকে পাঁচ হাজার, তিন হাজার ও দুই হাজার টাকা ও ক্রেস্ট তুলে দেয়া হয়। এ ছাড়া অংশগ্রহণ করা সব প্রতিযোগীকে স্মারক হিসেবে মেডেল দেয়া হয়।  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিডি অ্যাসিস্টের চেয়ারম্যান নাসির এ চৌধুরী, পরিচালক ফারজানা চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মইনুদ্দিন আহমেদ, এমএইচটিসি’র বিপণন কর্মকর্তা মেগাত আরদিয়ান আমিনউদ্দিন, আঞ্চলিক বিপণন কর্মকর্তা কাভিথা ম্যাথুভি প্রমুখ।IMG0
 
ম্যারাথন প্রতিযোগিতা শেষে ইন্দিরা রোড ক্রীড়া চক্র মাঠে সংবাদ সম্মেলন হয়। প্রধান অতিথির বক্তব্যে মালয়েশিয়ার রাষ্ট্রদূত নূর আশিকিন মোহাম্মদ তায়িব বলেন, ‘মালয়েশিয়া দূতাবাস এই স্বাস্থ্যসেবা কর্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে। পর্যটনের পাশাপাশি মালয়েশিয়ার স্বাস্থ্যখাত এখন অনেক উন্নত। হাসপাতলগুলো সেবা গ্রহীতাদের নানা সুযোগ সুবিধা দিচ্ছে। উন্নত চিকিৎসাসেবার জন্য বাংলাদেশি নাগরিকদের মালয়েশিয়ায় স্বাগত জানাই।’ 
 
আয়োজনের নানা দিক তুলে ধরে এমএইচটিসের বিপণন কর্মকর্তা মেগাত আরদিয়ান আমিনউদ্দিন বলেন, ‘গেল বছর মালয়েশিয়ার বিভিন্ন হাসপাতালে প্রায় ১৪ হাজার ৫০০ বাংলাদেশি নাগরিক সেবা গ্রহণ করেছে। আমরা চাই আরও বেশি মানুষ মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা গ্রহণ করুক। মুসলিম দেশ হিসেবে হালাল খাবার ও অন্যান্য পরিসেবার বাইরে বিশ্বমানের স্বাস্থ্যসেবার জন্য মালয়েশিয়া প্রস্তুত। আর এসব নিয়েই আমাদের এই কার্যক্রম। ফান ম্যারাথন প্রতিযোগিতার বাইরেও স্বাস্থ্য সচেতন মানুষ ও বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে মাসব্যাপী স্বাস্থ্যসেবা নিয়ে নানা আয়োজন করব।’IMG1
 
জিডি অ্যাসিস্টের চেয়ারম্যান নাসির এ চৌধুরী বলেন, ‘দেশের বাইরে চিকিৎসা নেয়ার একটা চল শুরু হয়েছে। ভারত, থাইল্যান্ড ও সিঙ্গাপুরে আমাদের দেশের অনেকে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। কিন্তু স্বাস্থ্যসেবায় বিশ্বমান ও স্বল্পব্যয়ের কারণে মালয়েশিয়া হতে পারে আমদের ভরসার জায়গা।’  
 
জিডি অ্যাসিস্টের পরিচালক ফারজানা চৌধুরী বলেন, ‘এমএইচটিসির সঙ্গে আমরা যুক্ত হয়েছি আমাদের দেশের মানুষকে স্বল্পমূল্যে উন্নত সেবা দেয়ার লক্ষ্যে। বিশ্বের বিভিন্ন দেশে যে সেবা নিতে অনেক অর্থ খরচ করতে হয়, সেখানে মালয়েশিয়া হাসপাতালে অনেক কম খরচে সেবা পাওয়া সম্ভব। জিডি অ্যাসিস্ট মালয়েশিয়ায় চিকিৎসা সেবা নিতে আগ্রহীদের অ্যাপয়েন্টমেন্ট, থাকার ও যাতায়াত ব্যবস্থাসহ নানা ধরনের সেবা দিয়ে থাকে।’  
IMG2
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা ধরনের প্রশ্নের উত্তর দেন আয়োজকরা। ম্যারথন ছাড়াও রক্তের চাপ মাপাসহ প্রাথমিক স্বাস্থ্য সেবার ব্যবস্থা ছিল অনুষ্ঠানস্থলে। আয়োজন ব্যবস্থাপনার দ্বায়িত্ব পালন করে অ্যাড অন কমিউনিকেশনস।