সাংবাদিক তোয়াব খান নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক।
জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায় শুক্রবার বিকালে বলেন, ৮২ বছর বয়সী তোয়াব খানকে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়।
জেষ্ঠ্য এই সাংবাদিককে হাসপাতালটির সিসিইউতে রাখা হয়েছে জানিয়ে স্বদেশ রায় বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার একটু উন্নতি হয়েছে, শনিবার হয়ত তাকে কেবিনে স্থানান্তর করা যাবে।
বাংলাদেশের স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব তোয়াব খান সাংবাদিকতায় এবার একুশে পদক পেয়েছেন।
রাষ্ট্রপতি এইচ এম এরশাদ এবং প্রথম অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের প্রেস সচিবের দায়িত্বে ছিলেন তিনি। দেশের প্রধান তথ্য কর্মকর্তা ও পিআইবির মহাপরিচালকের দায়িত্বও পালন করেন তিনি।
১৯৫৫ সালে সাংবাদিকতায় আসা তোয়াব খান ১৯৬১ সালে দৈনিক সংবাদের বার্তা সম্পাদক হন; ১৯৬৪ সালে যোগ দেন দৈনিক পাকিস্তানে।
মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক তোয়াব খানের লেখনী ও উপস্থাপনায় নিয়মিত প্রচারিত হতো 'পিন্ডির প্রলাপ'। ১৯৭২ সালে তিনি দৈনিক বাংলার সম্পাদক হন।
তোয়াব খানের জন্ম ১৯৩৪ সালের ২৪ এপ্রিল, সাতক্ষীরায়।
বিডিনিউজ।
