রানা প্লাজার ক্ষতিপূরণ মামলা খারিজ করল যুক্তরাষ্ট্রের আদালত

আপডেট : ০৬ মে ২০১৬, ১৯:৩৭
রানা প্লাজা ধসের ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে করা মামলা খারিজ করে দিয়েছে ডেলাওয়ারের আদালত। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুইজন ক্ষতিপূরণ চেয়ে আমেরিকার তিনটি বড় কোম্পানির বিরুদ্ধে মামলা করেছিলেন।
 
বাংলাদেশি আইন অনুযায়ী ঘটনার এক বছরের মধ্যেই ক্ষতিপূরণের মামলা করতে হয়। সেই সময় পেরিয়ে যাওয়ার পর মামলা হওয়ায় ডেলাওয়ারের আদালত চলতি সপ্তাহে তা খারিজ করে দেয় বলে মেইল অনলাইন জানিয়েছে।
 
রানা প্লাজায় আহত শরিফা বেগম ও নিহত এক নারী শ্রমিকের স্বামী মাহমুদুল হাসান গত বছর এপ্রিলে কলাম্বিয়া জেলা আদালতে ওই মামলা দায়ের করেন। ওয়ালমার্ট, জে সি পেনি ও চিলড্রেন্স প্লেসকে মামলায় বিবাদী করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, কারখানার কর্ম পরিবেশ শ্রমিকদের জন্য নিরাপদ নয় জেনেও কোনো ব্যবস্থা নেয়নি ওই তিন কোম্পানি।
 
আদালত বলেছে, রানা প্লাজায় শ্রমিকরা সরাসরি ওই তিন কোম্পানির কর্মী ছিলেন না। সুতরাং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কেন ওই তিন কোম্পানিকে নিতে হবে- সে বিষয়টিও বাদীপক্ষ প্রমাণ করতে পারেনি।
 
২০১৩ সালের ২৪ এপ্রিল আট তলা রানা প্লাজা ধসে এক হাজার ১৩৫ জন নিহত হন। আরও হাজারখানেক শ্রমিক প্রাণে বাঁচলেও পঙ্গুত্ব বরণ করেন।