‘মিথ্যাচার করায় খালেদা জিয়াকে ক্ষমা চাইতে হবে’

আপডেট : ০৬ মে ২০১৬, ২০:১৪
প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রের ব্যাংক একাউন্টের টাকার পরিমাণ নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এর জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের এই নেতা ।
 
শুক্রবার ঢাকায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
 
তিনি বলেন, ‘খালেদা নির্বোধের মতো এমন মিথ্যাচার করছেন, যা অবিশ্বাস্য। খালেদা যুক্তরাষ্ট্রের ব্যাংকে জয়ের একাউন্টে যে পরিমাণ টাকা থাকার কথা বলছেন- তা অসম্ভব। মূলত শেখ হাসিনার পরিবারকে হেয় করার জন্যই তিনি এমন মিথ্যাচার করছেন।’
 
তিনি বলেন, জয় খালেদার বক্তব্যকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন, তার সৎ সাহস আছে বলেই তিনি পাল্টা চ্যালেঞ্জ দিয়েছেন।
 
অভিযোগ প্রমাণে জয়ের চ্যালেঞ্জ নিতে খালেদার প্রতি হাসিনার আহ্বানের প্রসঙ্গ তুলে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, খালেদা, আপনার সাহস থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন। না হলে জাতির কাছে মিথ্যাচারের জন্য ক্ষমা চান। কারণ আপনি কেবল মিথ্যাচার করেই দায়ভার থেকে পার পাবেন না।