রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে শাহবাগ মোড়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরা। মানব বন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে অধ্যাপক সিদ্দিকী হত্যার বিচার দাবি করেন।
বিকাল ৫টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক সাবেক শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন।
মানববন্ধন থেকে বক্তারা অধ্যাপক রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
IMG0
গত ২৩ এপ্রিল শনিবার সকাল সাড়ে সাতটার দিকে রাজশাহী শহরের শালবাগান এলাকায় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
