রাশিয়ার হ্যাকারদের কাছে কোটি কোটি ইমেইল ও পাসওয়ার্ড রয়েছে বলে দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স। সম্প্রতি তাদের প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, হোল্ড সিকিউরিটি নামে একটি নিরাপত্তা সেবাদানকারী প্রতিষ্ঠান সম্প্রতি ২৭২.৩ মিলিয়ন অ্যাকাউন্টের তথ্য চুরির এ বিষয়টি উদঘাটন করে।
সংস্থাটির তথ্য নিরাপত্তা বিষয়ক প্রধান কর্মকর্তা অ্যালেক্স হোল্ডেন বলেন, হ্যাকিংয়ের শিকার এসব অ্যাকাউন্টের অধিকাংশই রাশিয়ার জনপ্রিয় ইমেইল সেবা রাশিয়ান মেইল (Mail.ru) ব্যবহারকারীদের।
এছাড়া জিমেইল, ইয়াহু ও মাইক্রোসফটের ইমেইল সেবা ব্যবহারকারীদের কিছু অ্যাকাউন্টও হ্যাকড হয়েছে বলে জানান হোল্ডেন। তিনি বলেন, এসব তথ্য বহুভাবে ব্যবহার করা যায়। আর্থিক চুরির ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দিতে পারে ফাঁস হওয়া এসব ব্যক্তিগত তথ্য।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুই বছর আগে যুক্তরাষ্ট্রের ব্যাংক ও রিটেইলারদের ওপর সাইবার আক্রমণের পর ‘চুরি করা ব্যক্তিগত তথ্যের’ সবচেয়ে বড় ভাণ্ডার এটি।
